শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ : এমপি এনাম

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

পটিয়ায় এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের আড়াই হাজার শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নিরাপদ সুপেয় পানির ফিল্টার ব্যবস্থা চালু করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ বর্তমানে পটিয়ার একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের চলতি এইচএসসির রেজাল্ট দেখে আমি খুবই খুশি হয়েছি। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সুপেয় পানি পান অত্যন্ত জরুরি। নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি আরো বলেন, বর্তমান তারেক রহমানের সরকার বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাসার ছাদে সোলার প্যানেল স্থাপনে একটি উদ্যোগ গ্রহণ করছেন। যাতে দেশে সোলার প্যানেল থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

এ কলেজেও সোলার প্যানেল স্থাপনে কলেজ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে সরকারীভাবে যা যা করা দরকার তা করা হবে।

এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, অ্যাডভাইজার অধ্যাপক নুরুল হুদা, অভিভাবক প্রতিনিধি মিশকাত আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ওসি) জিয়াউল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহেরসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর শহীদুল ইসলাম