চারদিকে আজ ফুলের গন্ধ শরৎ আসছে বলে,
চল সখীরা! ফুল কুড়াতে যাই রে দলে দলে।
শিউলি ফুলের মধুর গন্ধে মাতাল পাড়া–বাড়ি,
হাওয়ায় দোলে উড়ে যেন কাশের ফুলের সারি।
সরোবরের ফুটছে হাসি ঝিলের জলের মাঝে,
জলপদ্মের ওই মায়ার খেলায় মিলন গীতি বাজে!
হিমঝুরি আর শেফালিকায় বসছে রঙের মেলা,
মনটা চায় এই রূপ দেখিয়া কাটাই সারা বেলা।
চল রে সবাই! হরেক ফুলে পূর্ণ করি ডালা,
ফুলের রাশি গেঁথে গেঁথে গলায় দেব মালা।
আজ যে ঘরে মন বসে না ফুল–কলিদের সাজে,
চল সখীরা! ফুল কুড়িয়ে বাঁধব খোঁপার মাঝে!










