যুক্তরাষ্ট্রের নতুন ১ ডলারের স্মারক কয়েনে স্থান পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। এর মধ্য দিয়ে প্রায় ১০০ বছর পর প্রথমবার কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় জায়গা পেল। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্যাপনে ট্রাম্পের প্রতিকৃতি দিয়ে স্মারক ১ ডলারের কয়েনটি বাজারে ছেড়েছে দেশটির টাকশাল। খবর বাংলানিউজের।
কয়েনে ট্রাম্পের ছবির পাশে লেখা রয়েছে, ইন গড উই ট্রাস্ট। যুক্তরাষ্ট্রের টাকশাল জানিয়েছে, বিশেষ সংস্করণের এই কয়েনে ঐতিহাসিক এই বার্ষিকী সামনে রেখে একটি জাতির চেতনা, গর্ব ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। ২৫টি কয়েনের একটি রোলের দাম রাখা হয়েছে ৬১ ডলার বা ৪৫ পাউন্ড। আর ১০০ কয়েনের একটি ব্যাগের দাম ১৫৪ দশমিক ৫০ ডলার। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের টাকশালের ওয়েবসাইটে কয়েনগুলো বর্তমানে মজুত নেই বলে দেখানো হয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের টাকশাল, অর্থ মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। টাকশালের ভাষ্য, দেশের এই ঐতিহাসিক মাইলফলক উদ্যাপনের জন্য কয়েনটি তৈরি করা হয়েছে। তাদের মতে, এক প্রজন্মে একবার আসা এই বার্ষিকীর নকশাটি আধুনিক মুদ্রা সংগ্রহে বিশেষ সংযোজন হয়ে উঠবে। এর আগে গত মে মাসে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, প্রেসিডেন্টের প্রতিকৃতি দিয়ে নতুন ২৫০ ডলারের নোট চালুর পরিকল্পনাও করছে তার দপ্তর।












