ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই) জনপ্রিয় মারি বিস্কুট ‘প্রিয়াগোল্ড’ এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘সূর্য ফুড অ্যান্ড এগ্রো’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, তারা প্রিয়াগোল্ড’ বিস্কুট তৈরিতে গবাদিপশুর খাদ্যের জন্য ব্যবহৃত ভুসি ব্যবহার করছে ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলি লঙ্ঘন করছে। খবর বিডিনিউজের।
সমপ্রতি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযানের অংশ হিসেবে এফএসএসএআই ভারতজুড়ে বিভিন্ন ডেয়ারি ও মিষ্টির দোকান, কারখানায় অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে তারা ফুল ক্রিম দুধ উৎপাদনকারী ডোডলা ডেয়ারি লিমিটেড এবং লাল চিনি ও নুডলস তৈরির প্রতিষ্ঠান উয়ির অর্গানিক ফুডস প্রাইভেট লিমিটেডের কারখানাও অভিযান চালিয়েছে; খবর ভারতীয় গণমাধ্যমের।
এফএসএসএআই জানিয়েছে, এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তারা উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় সূর্য ফুডের কারখানায় অভিযান চালায়। আকস্মিকভাবে চালানো এ অভিযানকালে কর্মকর্তারা দেখতে পান, কারখানাটিতে বস্তা বস্তা ভুসি রাখা। এগুলো পশুখাদ্য হলেও এই ভুসি দিয়েই মানুষের খাওয়ার বিস্কুট তৈরি করা হচ্ছিল। এর পাশাপাশি কারখানাটিতে স্বাস্থ্যবিধিও মানা হয়নি।












