শঙ্খে নিখোঁজের দুদিন পর শ্রমিকের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বান্দরবানে শঙ্খ নদীতে নিখোঁজের দুদিন পর নুরুল আলম (৫২) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার নদী থেকে পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগানোর সময় স্রোতে ভেসে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নদীর পাইনছড়া মুখ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলা শহরের বাজার বোটঘাটা এলাকায় শঙ্খ নদী থেকে পানি তুলতে বসানো পাম্পে পাইপ লাগানোর সময় স্রোতে ভেসে যান শ্রমিক নুরুল আলম।

বিষয়টি নিখোঁজের ছেলে দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা নৌকা নিয়ে গিয়ে নদীতে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দার বেলাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে শঙ্খ নদীর বনানী স’মিল এলাকায় একটি ভাসমান লাশ দেখতে পায় লোকজন। বিষয়টি স্বজনদের জানালে তারা দ্রুত নৌকা নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্রোতে ভেসে যাওয়া লাশটি উদ্ধার করেন।

বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, নিখোঁজ শ্রমিকের লাশ পাওয়া গেছে।

ঘটনাস্থল থেকে কিছুটা দূরে শঙ্খ নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব শিক্ষক দিবস বাকশিসের অনুষ্ঠান ৭ অক্টোবর
পরবর্তী নিবন্ধইতিহাসের খসড়ার যুগপূর্তি অনুষ্ঠান আজ