লেবাননে প্রতি ৫ পরিবারের ১টিতে শিশুরা খালি পেটে ঘুমায় : ইউনিসেফ

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:৩৪ পূর্বাহ্ণ

লেবাননে দীর্ঘমেয়াদি সংঘাত ও বাস্তুচ্যুতির কারণে দেশটির শিশুদের জীবন মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। খবর বিডিনিউজের।

সেখানে প্রতি পাঁচটি পরিবারের অন্তত একটিতে শিশুরা পেটে ক্ষুধা নিয়ে রাতে ঘুমাতে যায়। তাছাড়া, একই অনুপাতে পরিবারগুলো নিরাপদ খাবার পানির তীব্র সংকটে রয়েছে। বুধবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। সংস্থাটি জানায়, দেশটিতে টানা সংকটের কারণে অন্তত ৭ লাখ ৭০ হাজার শিশু ও তরুণ গভীর মানসিক চাপে ভুগছে। খাদ্য নিরাপত্তাহীনতা বৃদ্ধি, পড়াশোনা ব্যাহত হওয়া, চিকিৎসা সেবার অপ্রতুলতা এবং সংকুচিত অর্থনৈতিক সুযোগের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইজি কোর্সি বলেন, লেবাননের শিশু ও তরুণদের আজ এমন এক বোঝা বইতে হচ্ছে, যা কোনও শিশুরই বহন করা উচিত নয়। তিনি আরও সতর্ক করে বলেন, “জরুরি ও টেকসই পদক্ষেপ না নিলে এই চাপ তাদের ভবিষ্যৎ জীবনকে বহু বছরের জন্য ক্ষতিগ্রস্ত করবে। সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে ইউনিসেফ উল্লেখ করে, জরিপ করা পরিবারগুলোর প্রতি তিনটির একটি জানিয়েছে আর্থিক অনটনের কারণে তারা সন্তানদের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেনি। তাছাড়া, ১৪ শতাংশ পরিবার জানিয়েছে তাদের অন্তত একটি শিশু শ্রমে নিয়োজিত রয়েছে, যা ২০২৫ সালের জানুয়ারি মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৭৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধচীনা নৌযান হটাতে বৃহত্তম জাহাজ, বিমান পাঠাল ফিলিপিন্স