‘রাসুল আমার ভালোবাসা’ অনুষ্ঠানমালার উদ্বোধন

সপ্তাহব্যাপী আয়োজনে রয়েছে ক্যালিগ্রাফি প্রদর্শনী, নাত ও সাংস্কৃতিক পরিবেশনা

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

প্রযোজনা প্রতিষ্ঠান ‘কণ্ঠধী’ ও সংগীতচর্চা সংগঠন ‘সুরের আলো’–এর যৌথ আয়োজনে ‘রাসুল আমার ভালোবাসা’ শীর্ষক সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হয়েছে। গত শুক্রবার দুপুরে পাঁচলাইশের মাটি মিলনায়তনে নবী (সা.) দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক, অনুবাদক সাইফুল্লাহ মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুরের আলোর সভাপতি শিল্পী মোহাম্মদ আবদুল্লাহ এবং কণ্ঠধীর সচিব নির্মাতা শরাফত আলী যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। অতিথি আলোচক ছিলেন প্রামাণ্যচিত্র নির্মাতা ইসমাইল চৌধুরী, প্রাবন্ধিক আমীরুল ইসলাম, সংস্কৃতিজন চৌধুরী গোলাম মাওলা, ওস্তাদ ড. চৌধুরী আবদুল হালিম, সংগীতজ্ঞ আকবর খান এবং চিত্রকর ও কবি মোহাম্মদ তোয়াহা। এতে বক্তারা বলেন, রাসুল (সা.)-এর আচরিত সুন্নাহই শিল্প, সংস্কৃতি, সুর ও তুলির একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কারণ তাঁর জীবনই আল্লাহ–ঘোষিত একমাত্র উত্তম আদর্শ। উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় আবৃত্তি ও নাত–ই–রাসুল প্রতিযোগিতা। নবী (সা.) দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব শিল্পী আবদুল্লাহ আল মাসউদের পরিকল্পনায় ‘ঐকতান’ (৫–১২ বছর), ‘নির্ভীক’ (১৩–১৯ বছর) ও ‘প্রজ্ঞান’ (২০ ও তদূর্ধ্ব) এই তিন শ্রেণিতে আবৃত্তি প্রতিযোগিতা এবং ‘বিশ্বস্ত’ (৫–১২ বছর), ‘হিতৈষী’ (১৩–১৯ বছর) ও ‘কাণ্ডারী’ (২০ ও তদূর্ধ্ব) এই তিন শ্রেণিতে নাত–ই–রাসুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আবৃত্তি প্রতিযোগিতার বিচারক ছিলেন আবৃত্তির শিক্ষক মোসতাক খন্দকার, শিক্ষক ও কবি মাঈন উদ্দিন জাহেদ এবং আবৃত্তিকার রাশেদ মুহাম্মদ। নাত–ই–রাসুল প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন ওস্তাদ আকবর খান, আমীরুল ইসলাম, ড. চৌধুরী আবদুল হালিম, চৌধুরী গোলাম মাওলা, মনজুর আহমদ ও জুবাইর হুসাইন ভুঁইয়া।

অনুষ্ঠানে আরও অংশ নেন মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ্‌, নোঙর সম্পাদক আবু সাঈদ হাননান, চিন্তক ইস্কান্দার নূরী, মুহাম্মদ হাসান হায়দরী, কামাল উদ্দিন ও তরুণ সংগঠক সাঈদ আবদুল্লাহ। সপ্তাহব্যাপী এ আয়োজনে ক্যালিগ্রাফি প্রতিযোগিতাও রয়েছে। কেজি থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থী ও পেশাজীবীসহ সবার জন্য প্রতিযোগিতাগুলো উন্মুক্ত। আগামী ৮ থেকে ১০ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আর্ট গ্যালারিতে ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং ৯ অক্টোবর মাটি মিলনায়তনে প্রভাষণ, নাত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রুপ থিয়েটার ফেডারেশনের অভিনয় কর্মশালা
পরবর্তী নিবন্ধইসলামের আদর্শ বাস্তবায়নে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে