রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদ সোহেল নামে এক যুবকের বাড়ি থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক সোহেলসহ অন্যরা পালিয়ে যায়। গতকাল বুধবার সকালে গর্জনিয়ার পশ্চিমবোমাংখিল গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক আনিছুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। এসআই মো. জুয়েল চৌধুরী জানান, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে ইয়াবার একটি বিশাল চালান পাচার হচ্ছিলো এমন তথ্য ছিল পুলিশের কাছে। তারই সূত্র ধরে মঙ্গলবার রাত থেকে সম্ভাব্য কয়েকটি বসতবাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম বোমাংখিলের বাইক চালক সোহেলের বাড়িতে দীর্ঘ দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো ১০ বান্ডিল ইয়াবা বড়ি পাওয়া যায়। তিনি জানান, এ ব্যাপারে যথাযথ প্রক্রিয়ায় থানায় মামলা রুজু করা হবে। পাশাপাশি এই ইয়াবাকাণ্ডে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।










