ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় আলোচিত বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ আসন (নারী আসন–২৩) সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে। মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে। খবর বিডিনিউজের।
এদিন দুপুর ১টা ৪০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান মিষ্টি। পাঁচ মিনিট পর ১টা ৪৫ মিনিটে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। বের হওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকরা তার কাছে পদত্যাগের বিষয়ে জানতে চান। মিষ্টি বলেন, ‘স্পিকার ডেকেছেন। স্পিকারের সাথে কথা বলতে আসছি।’ এর আগে ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর ১ নম্বর সেকশনে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় দুইশ লোক দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে ঢুকে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। আর পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকা কক্ষ, ল্যাবরেটরিসহ পাঁচটি কক্ষের জানালা–দরজা ভেঙে ফেলা হয়। ভবনটি থেকে সব ধরনের আসবাবপত্র, ওষুধসামগ্রী, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি, আলমারি নিয়ে যায় হামলাকারীরা। সব মিলিয়ে পুরো স্থাপনাটির কোটি টাকার বেশি ক্ষতি হয় বলে রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পর সেখানে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’ এর সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যায়।
এ ঘটনায় শাহ আলী থানায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০–২৫০ জনকে আসামি করা হয়। হানিফ মিয়া ছাড়াও ওই ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম আসে, যারা ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ট হিসেবে এলাকায় পরিচিত। সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সঙ্গেও স্থানীয় বিএনপির কয়েকজনের সম্পৃক্ততার তথ্য আসে।
রাড্ডাকাণ্ড নিয়ে আলোচনার মধ্যেই বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই দিনে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কারের ঘোষণা আসে।










