রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী আনোয়ার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুবের বিদায় সংবর্ধনা, নবনির্মিত ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন ও পুরস্কার বিতরণ গত ২৫ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক মো. আইয়ুবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন,আগামী দিনের দেশের নেতৃত্ব তোমাদের হাত ধরেই গড়ে উঠবে। নিজেকে সেভাবে গড়ে তুলতে এখন থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। একবার ফলাফল খারাপ হলে ভয় না পেয়ে পরের বার আরও ভালো করার জেদ রাখতে হবে। তবেই তোমরা একদিন উপজেলার সেরা হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবে। সংবর্ধিত প্রধান শিক্ষক মো.আইয়ুব স্মৃতিচারণ করে বলেন, মরমী গবেষক সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারির হাত ধরে আমার শিক্ষকতা জীবনের শুরু। ১৯৮৯ সালে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি জড়িয়ে আছি। দীর্ঘ এই পথচলায় যারা পাশে ছিলেন বিশেষ করে আজকের বিদায় অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ।
বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম মিনা ও মো. নজমুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, দাতা সদস্য সৈয়দ রুহুল হক(শামস), উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উত্তরজেলা শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, অধ্যাপক ইউনুস চৌধুরী, অধ্যাপক আজম খান, কুতুব উদ্দিন বাহার, শওকত আলী নূর, আবু আহমেদ হাসনাত ও জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত নতুন ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি।













