রাঙ্গুনিয়ায় পৌরসভাজুড়ে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো. নাজমুল হাসানের নির্দেশে পৌরসভাজুড়ে শুরু হয়েছে ব্যাপক মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

গত বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, প্রধান প্রধান সড়ক, ড্রেন, নালা ও বাজার এলাকায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হয়। অভিযানকালে পৌরসভা এলাকার জমে থাকা পানি নিষ্কাশন, ড্রেন পরিষ্কার এবং মশার বংশবৃদ্ধি রোধে ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।

এছাড়া ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌর প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল হাসান জানান, পৌরবাসীকে মশাবাহিত রোগের হাত থেকে মুক্ত রাখতে এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে এই অভিযান অব্যাহত থাকবে। নিজের বসতবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কারপরিচ্ছন্ন রাখার জন্য তিনি সব স্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধপর্দার আড়ালে নয়, সম্মুখ সমরে আজকের নারীর নতুন জয়গান
পরবর্তী নিবন্ধশিল্পকলা একাডেমি চট্টগ্রামে নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা