সমপ্রতি চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় বন্যাদুর্গত ও বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাঙ্গুনিয়ার কৃতী সন্তান পিজিত। তারই ধারাবাহিকতায় এবার নিজের জন্মভূমি রাঙ্গুনিয়ায় প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন এই শিল্পী।
গত বৃহস্পতিবার পাক্ষিক ‘চলমান রাঙ্গুনিয়া’ পত্রিকার পাঠক সংগঠন ‘বন্ধু সমাবেশ’ ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়। পত্রিকাটির এই মানবিক উদ্যোগকে বেগবান করতে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন রাঙ্গুনিয়ার কৃতী সন্তান, দেশের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী ও মানবিক সংগঠন ‘মানুষ’–এর প্রতিষ্ঠাতা পিজিত প্রসেনজিত মহাজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী জাকিরাবাদ ও আদর্শ গ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন্ত রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ও ‘চলমান রাঙ্গুনিয়া বন্ধু সমাবেশ’–এর যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুর রহমান, সংগঠনের সদস্য সচিব, বাচিক শিল্পী ও শিক্ষক এম. মোরশেদ আলম, সদস্য মুবিন উদ্দিন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবক সাইফুল্লাহ সরোয়ার এবং আব্বাস হোসাইন আফতাব। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাস্টার আবু বক্কর, মোহাম্মদ মিজান, মাস্টার হোসাইন, ইউনুস রণি ও বোরহান রেজা প্রমুখ।
নিজের এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে সংগীতশিল্পী পিজিত প্রসেনজিত মহাজন বলেন, মানুষের যেকোনো দুর্যোগে পাশে থাকা আমাদের সংগঠনের মূল লক্ষ্য। এর আগে আমরা বাঁশখালীতে ৫০০ পরিবারের মাঝে রান্না করা ও শুকনো খাবার এবং সাতকানিয়ায় ২০০–রও বেশি পরিবারে শুকনো খাবার বিতরণ করেছি। এবার নিজের জন্মভূমি রাঙ্গুনিয়ার ক্ষতিগ্রস্তদের জন্য চাল, ডাল, লবণ, মুড়ি, চিড়া, বিশুদ্ধ পানি, বিস্কুট, চানাচুর, নুডলস ও খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট নিয়ে হাজির হয়েছি। রাঙ্গুনিয়ায় এই কাজে মাঠপর্যায়ে সহযোগিতা করার জন্য ‘চলমান রাঙ্গুনিয়া বন্ধু সমাবেশ‘কে ধন্যবাদ জানাই।
দুর্যোগের এই কঠিন মুহূর্তে ঘরে ঘরে গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ায় আয়োজক ও সহযোগী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।












