রাঙ্গুনিয়ায় ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (মৎস্য অধিদপ্তর অংশ)’ প্রকল্পের আওতায় ২০২৬–২৭ অর্থবছরে জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি প্রদর্শনী (পাঙ্গাস) এর ফলাফল প্রদর্শন উপলক্ষে গত বুধবার দুপুরে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি গ্রামে ফলাফল প্রদর্শক মো. আরমান হায়দারের পরিচালনাধীন মধ্যম সৈয়দবাড়ি গ্রুপের পুকুর পাড়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য অফিসার সুজাত কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার সালমা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. বেলাল হোসেন এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন অফিসার মো. এরশাদ শেখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্লাইমেট প্রকল্পের এফএফএস গ্রুপের সদস্যবৃন্দ ও স্থানীয় মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন। মাঠ দিবসের আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও উপস্থিত চাষিরা প্রদর্শনী পুকুরে জাল টেনে পাঙ্গাস মাছের দৈহিক বৃদ্ধি ও উৎপাদন পর্যবেক্ষণ করেন। পুকুরে আশানুরূপ ও ভালো উৎপাদন হওয়ায় প্রধান অতিথি জেলা মৎস্য অফিসার সালমা বেগম ফলাফল প্রদর্শক মো. আরমান হায়দারকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্থানীয় অন্যান্য চাষিদেরও জলবায়ু সহিষ্ণু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান।










