রাঙ্গুনিয়ায় কৃষক নেজাম হত্যায় দুদিনেও মামলা হয়নি

দুই হাত বিচ্ছিন্ন করে খুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বন্য হাতির কবল থেকে ক্ষেতের পাকা ধান পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন হওয়া চাষি নেজাম উদ্দিনের (৫০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের ভান্ডালজুড়ি সড়কের দুর্গম সিঙ্গাপুর পাহাড়ি এলাকা থেকে তার হাত কাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের পর, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার জানাজা অনুষ্ঠিত হয়। তবে নৃশংস এই হত্যাকাণ্ডের দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ বলছে, এই ঘটনায় মামলা নেয়া হবে, বাদীপক্ষের সাথে কথা চলছে।

বৃহস্পতিবার জানাজার মাঠে উপস্থিত নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, আমরা দুনিয়ায় আর কোনো বিচার চাই না, বিচার আল্লাহর হাতে সঁপে দিলাম।

স্থানীয়দের ধারণা, যে স্থান থেকে নেজাম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে তার কয়েকশ ফুট দূরেই তার দুটি হাত কনুই থেকে কেটে ফেলা হয়। এরপরও হয়তো তিনি বেঁচে ছিলেন এবং সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পিচঢালা সড়কে হামাগুড়ি দিয়ে তিন রাস্তার মোড়ে এসে সাহায্য খোঁজার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু রাতের অন্ধকারে কাউকে না পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর গত বুধবার রাতেই আইনশৃক্সখলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত নেজামের সাথে ধান পাহারা দিতে যাওয়া অন্য ব্যক্তিদের মীরেরখীল পুলিশ বিটে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, পরিবারের লোকজন দাফন–কাফন নিয়ে ব্যস্ত থাকায় দুইদিন পেরিয়ে গেলেও এখনো থানায় কেউ মামলা করতে আসেননি। তবে স্বজনদের সাথে কথা বলে দ্রুত মামলার ব্যবস্থা করা হবে। এছাড়া হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সন্ত্রাস দমনে আইনশৃক্সখলা বাহিনীর উচ্চপর্যায়ের তৎপরতা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনির্মাণের ৪ বছর পরও খোলেনি মুক্তিযুদ্ধ জাদুঘর কমপ্লেক্সের তালা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের