রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স’মিল ঘাট বাজারে অগ্নিকাণ্ডে একটি আসবাবপত্রের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত আড়াইটার দিকে ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে অল্প সময়ের মধ্যেই দোকান দুটির ব্যাপক ক্ষতি হয়ে যায়। গভীর রাতে ঘটনাটি ঘটায় ভেতরের জিনিসপত্র সরানো সম্ভব হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সাইফুল বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে অনেক পরিশ্রমে ব্যবসাটি গড়ে তুলেছিলাম। কিন্তু আগুনে সব শেষ হয়ে গেল। এখন দেনা পরিশোধ ও পরিবার চালানো নিয়ে চিন্তায় আছি। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত সাপেক্ষে বলা যাবে।












