বাঁশখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মমিনুল হক, ডা. সাইফুল আমিন ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অন্যান্য ডাক্তারগণ, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এতে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে জানানো হয়, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো, জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার বলেন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিশ্বব্যাপী পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ২ দোকান