ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের সহযোগিতায় জেলা প্রতিবন্ধী স্কুলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক সুপর্ণ দেববর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সাবেক জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের পরিচালক মো. আবছার উদ্দিন, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের প্রধান শিক্ষক তাপসী চাকমা এবং রাঙামাটি বধির (বাক্–শ্রবণ) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাছির উদ্দীন। এতে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অতিথিরা সকল প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করেন।










