রাখাইনে পরিস্থিতি উন্নত হলে তিন লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশের আশ্রয় নেওয়া তিন লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা বলে নিশ্চিত করেছে মিয়ানমার। সেখানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলে গতকাল জানিয়েছে দেশটির সেনাসমর্থিত সরকার।

রোহিঙ্গা সংকটের নবম বছরে এসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এমন বক্তব্য দিল। ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলার পর সেনাবাহিনীর অভিযান থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানের ব্যাপকতা, পরিকল্পিত নিপীড়ন এবং নৃশংসতার কারণে জাতিসংঘসহ আন্তর্জাতিক সমপ্রদায় মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নির্মূল ও গণহত্যার অভিযোগ তোলে।

মিয়ানমার জানিয়েছে, জুলাইয়ের শেষ পর্যন্ত বাংলাদেশ যে আট লাখ ২৮ হাজার ৮২৪ জন শরণার্থীর তালিকা দিয়েছে, তার মধ্যে চার লাখ ২৬ হাজার ৫৪৫ জনের পরিচয় যাচাই করা হয়েছে। এদের মধ্যে তিন লাখ আট হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এক লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় যাচাই করা যায়নি এবং চার হাজার ২৪১ জনকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল হলে যাচাইকৃত সাবেক বাসিন্দাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে মিয়ানমার।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত ট্রেনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহারে কঠোর হওয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধবিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন মুখ