দীর্ঘ ৩০ বছর ধরে বিধ্বস্ত অবস্থায় থাকা রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ‘টুনার মার সড়কটির উন্নয়ন কাজ শুরু করছে পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল রোববার সড়কটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাউজান পৌরসভার প্রশাসক সহকারি কমিশনার ভূমি অংচিং মারমা। স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায় সুলতানপুর গ্রামের এই সড়কটিতে রয়েছে ফায়ার সার্ভিস স্টেশন। সড়কটির সংযোগে রয়েছে চট্টগ্রাম–রাঙামাটি চার লেইন সড়ক পথ। পৌর প্রসাশক সড়কটির উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরস্থাপন করে বলেন, জনগুরুত্ব এই সড়কটির উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। এটি উন্নয়নের আওতায় আসলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক একরাম উদ্দীন চৌধুরী, আবুল বশর মাস্টার, ডা. মুজিবুল হক চৌধুরী, মোজাহেরুল ইসলাম, আজগর চৌধুরী মেম্বার, শহিদ চৌধুরী, জেসমিন চৌধুরী, মুহাম্মদ হোসেন প্রমুখ।










