রাউজানে সিএনজি টেঙি করে পাচারের সময় ১০০ লিটার চোলাই মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই বাজারের কাছ থেকে তাদের আটক করেন মাদকবিরোধী অভিযানে থাকা একদল স্থানীয় যুবক। পরে তাদের মদ ও সিএনজি টেক্সিসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবু সাইদ (৩৫) ও সালাউদ্দিন (৩১)। তারা হাটহাজারী এলাকার একটি বস্তির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, গত শনিবার রাতে মাদকবিরোধী অভিযানে থাকা একদল যুবক মগদাই বাজার এলাকায় পাহারায় ছিলেন। গভীর রাতে সন্দেহজনক একটি সিএনজি টেঙি থামিয়ে তল্লাশি চালিয়ে তারা বস্তায় ভর্তি ১০০ লিটার চোলাই মদ পান। পরে টেক্সি ও দুই যুবককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
পরদিন রোববার সকালে আটক দুজনকে মদ ও টেক্সিসহ পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্রে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা মদগুলো হাটহাজারীতে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। এক ব্যক্তির সঙ্গে চুক্তির ভিত্তিতে তারা মদগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে যাচ্ছিলেন।
পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা দীপ্তেষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আবু সাইদ ও সালাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।










