রাউজানে হালদা নদী সংযুক্ত একটি খাল থেকে সাইফুল নামে ১৬ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (৮ জুলাই) রাতে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রাম সংলগ্ন হালদা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে। সে স্থানীয় একটি মুদির দোকান কর্মচারী বলে জানা গেছে। স্থানীয় লোকজন ও নিহতের বাবা আবদুল হাকিমসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাছ ধরার জাল নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাইফুল। এরপর আর ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গা খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। পরে রাত ৯টার পর ওই কিশোরের বসতঘর থেকে অন্তত ১০০ ফুট দূরত্বে হালদা নদী সংযুক্ত একটি ছোট খালে উপুড় অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশকে খবর দিলেও রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ বলেন, ওই কিশোরের নাক দিয়ে রক্ত ঝড়ছিল। তাই প্রশাসনকে জানানো হয়েছে।
লাশ পাওয়ার বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক টুটন মজুমদার। তিনি বলেন, আমি এখন থানায় আছি। আমাকে কেউ জানায়নি। এই বিষয়ে আমি কিছু জানিনা।














