রাইস ট্রান্সপ্লান্টারে সময় ও খরচ সাশ্রয়, কৃষিতে নতুন সম্ভাবনা

এলএসটিডি প্রকল্পের উদ্যোগে হাটহাজারীতে আধুনিক ধান চাষ

কেশব বড়ুয়া, হাটহাজারী | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে আধুনিক কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ধান চাষে নতুন দিগন্তের সূচনা হয়েছে। স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সম্প্রতি উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকের জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা। তিনি বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কম বয়সী চারা রোপণ করা সম্ভব হওয়ায় সময়, শ্রম ও উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে ধানের ফলন বৃদ্ধি পাবে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ধান চাষ সমপ্রসারণে ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ওমর ফারুক এবং ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. আমিনা খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। মোছা. আমিনা খাতুন জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া গ্রামকে একটি প্রযুক্তি গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার, মাঠ পর্যায়ের প্রদর্শনী এবং গবেষণাভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখ্য, এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণের পাশাপাশি আধুনিক ধানের জাত জনপ্রিয়করণ, ধানের উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট এলাকার উপযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)

পূর্ববর্তী নিবন্ধহলুদে সেজেছে দিগন্তজোড়া সরিষা ক্ষেত
পরবর্তী নিবন্ধহলুদ-সবুজ-বেগুনি ফুলকপিতে রঙিন হয়ে উঠেছে কর্ণফুলীর চর