মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে ফেরার জন্য ইরানের ওপর চাপ বাড়িয়েছেন বিশ্ব নেতারা। হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে। খবর বাসসের।
হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর, নতুন করে আলোচনা শুরু করার তৎপরতা দেখা গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, যুদ্ধবিরতির প্রায় এক মাস পর প্রথমবারের মতো তারা ইরানের হামলার মুখে পড়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। যুদ্ধবিরতির পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা চলছে। পাকিস্তানে বৈঠকে অংশ নিতে দুইবার পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ইরান স্পষ্ট করেছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা ছাড়বে না। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলার আগে বিশ্বের মোট তেলের এক–পঞ্চমাংশ এই পথ দিয়ে যেত।













