বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির (আরটিএ) বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন এক আইনজীবী। গতকাল সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক জনস্বার্থে এ রিট আবেদন করেছেন। তার পক্ষে আবেদনটি জমা দেন আইনজীবী সুবীর নন্দী দাস। রিট আবেদনে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায়ের বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানির আবেদন জানানো হবে বলে আইনজীবী সুবীর নন্দী বলেছেন। খবর বিডিনিউজের।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি করে। চুক্তিতে ১৩১টি শর্ত রয়েছে, যা বাংলাদেশকে মানতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত মানতে হবে বলে খবর এসেছে।
চুক্তিটি নিয়ে ইতোমধ্যে দেশে নানা ধরনের সমালোচনা হচ্ছে। চুক্তি বাতিল চেয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারাহানা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটিকে ‘সুস্পষ্টভাবে অযৌক্তিক এবং কাঠামোগতভাবে অসম’ আখ্যা দিয়ে রিট আবেদনে বলা হয়েছে, এটি কেবল বাংলাদেশের জাতীয় স্বার্থেরই পরিপন্থি নয়, বরং সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর।













