মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপার বাজারজাত করার অভিযোগে পটিয়ায় হাক্কানিয়া পেপার অ্যান্ড পাল্প মিলকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচরিয়া এলাকার হালিম খাঁর চর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পটিয়া উপজেলার পাঁচরিয়া এলাকায় অবস্থিত হাক্কানিয়া পেপার অ্যান্ড পাল্প মিলে অভিযানে যায়। প্রতিষ্ঠানটি বেবি ডায়াপার আমদানি করে বাজারজাত করে আসছে। কিন্তু তাদের আমদানিকৃত বেবি ডায়াপারের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে গেছে। কিন্তু কৌশলে সেই মেয়াদ মুছে ২০২৭ সালের ফেব্রুয়ারি এবং ২০২৮ সালের ডিসেম্বরে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে প্রতিষ্ঠানটির মেয়াদোত্তীর্ণ প্রায় ২০ হাজার পিস বেবি ডায়াপার কেটে ধংস করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা।
তিনি আরও জানান, এরপর আমরা পাঁচরিয়া মোড়ে খাজা হোটেলে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না এবং উৎপাদনের জন্য ৫ হাজার টাকা ও একই এলাকার ক্যাফে ফুলবন নামক একটি হোটেলে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে উল্লেখ না করা এবং অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও প্রস্তুতের কারণে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।












