মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:০৭ পূর্বাহ্ণ

মেজর (অব.) মোজাফফরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের করা আবেদনের পর গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল২ এই আদেশ দেন। খবর বাসসের।

আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের (মিস কেস) মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর এক/এগারো থেকে শুরু করে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততা আছে। আর মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে কথোপকথন এবং বিভিন্ন সম্পৃক্ততা রয়েছে মেজর মোজাফফরের। তাদের সম্পৃক্ততা তদন্তের দাবি রাখে। সেই কারণে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে প্রোডাকশন ওয়ারেন্ট চাইলে ট্রাইব্যুনাল আদেশ দেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করার কথা জানায় ডিবি। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক ও খেলাপির জামিনদারকেও চায় না ইসি
পরবর্তী নিবন্ধসাঙ্গুর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকিতে বসতঘর