‘মুর্শিদের বারোমাস’ একটি আধ্যাত্মিক সাধনার লোকগান

ইকবাল হায়দার | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

বিদেশি সাহিত্যে ঋতুসংগীত বা Seasonal Songs–এর যে হদিস আমরা পাই, তা একজাতীয় বারোমাসি সাহিত্য। কিন্তু তা ঠিক এ দেশীয় সাহিত্যের মতো বারোমাস্যা নয়।

সংসদ বাংলা অভিধান অনুযায়ী, বিজ্ঞজনদের মতে, ‘বিরহী নায়িকার এক বছরব্যাপী সুখ–দুঃখের কাহিনি সম্পর্কিত ছোট বা কাহিনির আকারে রচিত কবিতা’কে বারোমাসী বলে। কোনো কোনো বারোমাসী হচ্ছে নারী–পুরুষের সম্মিলিত জীবনে নর্ম, কর্ম ও ধর্মগীতিনির্ভর।

শিবপ্রসাদ ভট্টাচার্য প্রণীত ‘ভারতীয় সাহিত্যে বারোমাস্যা’, দীনেশচন্দ্র সেন প্রণীত ‘বারোমাসী’, যা গ্রামীণ জীবনচিত্র নিয়ে রচিত, যাতে বর্ণিত আছে প্রাকৃতিক জীবনের লীলাবৈচিত্র্য, শস্যপ্রাচুর্য, নদীমাতৃকতা, ঝড়, বন্যা, বৃষ্টির অনিশ্চিত আতিশয্য।

বারোমাস্যা গান আসলে বাংলা বারোমাসের বর্ণনাযুক্ত বিরহ–বেদনার গান। এ গানে বছরের বারোমাসের সুখ–দুঃখ, আনন্দ–বেদনা ও আশা–নিরাশার কথা বর্ণনা করা হয়। বারোমাসী অপেক্ষাকৃত দীর্ঘ গান। সাধারণত বৈশাখ মাস থেকে এ গানের বর্ণনা শুরু হয়। এ গান পরিবেশনার কোনো নিয়মকানুন নেই। বছরের প্রায় সব ঋতুতে এ গান পরিবেশিত হয়।

বাঙালি সংস্কৃতির মৌলিক উপাদান বারোমাসী গানের মধ্যে পাওয়া যায়। বিশেষ বিশেষ দেব–দেবীর বন্দনা, পৌরাণিক, ঐতিহাসিক বা সামাজিক ঘটনা, প্রেম এবং কৃষিকথা বারোমাসী গানের বিষয়। বাংলা বারোমাসী গানগুলো সাহিত্যিক, সামাজিক ও ঐতিহাসিক দিক থেকে বিশেষ মূল্যবান। বাংলাদেশের প্রায় সর্বত্র এ গান জনপ্রিয়। গ্রামে গ্রামে কৃষাণীরা ক্ষেত নিড়ানির সময় শ্রম লাঘবের জন্য সমবেতভাবে কোনো রকম বাদ্যযন্ত্র ছাড়াই মনের আনন্দে এ গান গায়। এ গানকে তাই কর্মসংগীতও বলা হয়। কোনো সুনির্দিষ্ট সুরবিহীন, সাধারণত আঞ্চলিক সুরে এ গান গাওয়া হয়।

চট্টগ্রাম ও পাবনা জেলায় প্রচলিত বারোমাস্যা গান যথাক্রমে ‘সীতার বারোমাসী’ ও ‘নীলার বারোমাসী’র কাহিনিতে অনেক মিল খুঁজে পাওয়া যায়। চট্টগ্রামে প্রচলিত সীতারাম বারোমাসী গানের বর্ণনায় আছে,

“আষাঢ় মাসেতে দেখ ঘন বরষণ

কোথা প্রভু রামচন্দ্র দেবর লক্ষণ

কর্মফলে দশাননে আনিয়াছে হরি

ধার্মিক লক্ষণ মোরে নাওনা উদ্ধারী“

ষোড়শ শতকের কবি মুকুন্দরামের ‘কালকেতু উপাখ্যান’–এ আছে ফুল্লরার বারোমাসী। এতে অভাবগ্রস্ত পরিবারে ফুল্লরার বারো মাসের দুঃখ–বেদনার কথা বর্ণনা করা আছে।

মধ্যযুগের লোকগাথা ও বারোমাসী কাব্য বা গান ছাড়া আমরা আরও অনেক বারোমাসী পাই, যেমন:

ময়মনসিংহ গীতিকায় ‘কমলার বারোমাসী’, ‘মহুয়ার বারোমাসী’, ‘কঙ্ক ও লীলার বারোমাসী’, ‘মলুয়ার বারোমাসী’, ‘ভেলুয়া সুন্দরীর বারোমাসী’, বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’, রামাই পণ্ডিতের ‘শূন্যপুরাণ’, লোচন দাসের ‘বৈষ্ণব পদাবলী’, শাহ মুহম্মদ ছগীরের ‘ইউছুপ জুলেখা’, মুকুন্দরাম চক্রবর্তীর ‘চণ্ডীমঙ্গল’, বিজয় গুপ্তের ‘মনসামঙ্গল’, শেখ ফয়জুল্লার ‘গোরক্ষ বিজয়’, বাহরাম খানের ‘লায়লী মজনু’, দৌলত কাজীর ‘সতী ময়না, লোর চন্দ্রিকা’, আলাওলের ‘পদ্মাবতী’, মালে মুহম্মদের ‘ছয়ফুর মুলুক বদিউজ্জামান’, দ্বিজরাম দেবের ‘অভয়ামঙ্গল’, ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ ইত্যাদি।

বারোমাসী কাব্য বা গান বিবিধ।

আমাদের আজকের উপস্থাপনা ‘মুর্শিদের বারোমাস’।

রচনা মৌলবী এনায়েত আলী কাদরী (বাংলা ১৩৭০, ইংরেজি ১৯৬৩, আরবি ১৩৮৪ হিজরি) সনে। তিনি ছিলেন তৎকালীন চট্টগ্রাম জেলা, বর্তমান কক্সবাজার এলাকাধীন রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি নিবাসী। ছিলেন মসজিদের একজন ইমাম, একজন বুজুর্গ আলেম ও কামেল পুরুষ। কথিত আছে, তিনি প্রত্যুষে ফজরের ওজু করার সময় নিজ অঙ্গস্থিত অন্ত্রসহ নাড়িভুঁড়ি বের করে ধুয়ে পরিষ্কার করে আবার যথাস্থানে ঢুকিয়ে রাখতেন।

আমরা মাওলানা এনায়েত আলী কাদরীর ‘মুর্শিদের বারোমাস’ সম্পূর্ণ আলাদা ও আধ্যাত্মিকতার মোহযুক্ত এক পাঠ, যা উদ্ধার করে পাঠকের জন্য এক বিরল সৃষ্টিকর্ম উপস্থাপন করলাম।

ধর্মীয় ও আধ্যাত্মিকতানির্ভর বাংলা বারোমাসের সঙ্গে আল্লাহ বা বারিতালা, সৃষ্টিকর্তা, যিনি সর্বোচ্চ মহিমান্বিত, নবী–রাসুলের প্রেম, কামেল মুর্শিদের প্রতি অসাধারণ ভক্তি, শ্রদ্ধা, সৃষ্টি ও সৃষ্টিকর্তার প্রেমবিভোর নিবেদন, কোরআন–হাদিসের আয়াত ও উদ্ধৃতি মিশিয়ে সৃষ্টিকর্তার অসাধারণ লীলা, ঋতু ও প্রকৃতির পরিবর্তনের সঙ্গে দেহভাণ্ডার, জিকিরের রূপ বর্ণনার এ এক অতুলনীয় রচনা।

মুর্শিদ অর্থ পথপ্রদর্শক বা শিক্ষক, যা র–শ–দ থেকে উদ্ভূত। মূল অর্থ সততা, বিচক্ষণ ও পরিপক্ব। আবার রশীদ অর্থ সত্যদর্শী এবং সৎপথে চলতে, চালাতে যিনি সক্ষম। সৃষ্ট জগতে ‘মিম’ শব্দের গুণাগুণ মেখে রশীদ শব্দটি ‘মুর্শিদ’ রূপ ধারণ করে।

আসলে সৃষ্টিকর্তাকেই এখানে সর্ববিশ্লেষণ ও বিশেষণে লেখক আধ্যাত্মিকতার শিখরে স্থাপন করে কখনো গুরু, কখনো পীর, কখনো পথপ্রদর্শক, কখনো বারিতালা বা শ্রেষ্ঠ মুর্শিদ হিসেবে উল্লেখ করেছেন এবং মোহময় ও মায়াময় রূপে ‘মুর্শিদের বারোমাস’ সৃষ্টি করেছেন এভাবে,

প্রথমে বিসমিল্লাহ পড়ি নিত্য জপ আল্লাহর নাম

মোহাম্মদ মোস্তাফার নামে দরুদ পড়া আসল কাম

ভক্তি মনে পড় বান্দা ছল্লে আলা মোহাম্মদ

ছল্লে আলা নবী রেলা ছল্লে আলা মোহাম্মদ।

বারিতালার রূপে হইছে আল্লাহ নবীর রূপ প্রকাশ

মোহাম্মদ মোস্তাফার নূরে জমলে আযম নব বিকাশ

না হইত যদি আহমদ, না করিত সুসৃজন।

আরও মুগ্ধ হই যখন দেখি,

‘মখলোকাতুন জিন্না’ বলি আয়াত আছে কোরানে

সৃজিয়াছেন খোদা বান্দা পরিচয়ের কারণে,

খোদা–রসুল না চিনিয়া যাবে যদি কবরে

শরমিন্দি হইবে বান্দা খোদার নিকট হাশরে।

মুর্শিদ আছেন অনেক বটে ভ্রমিতেছেন সংসারে

কামেল মুর্শিদ পাওয়া কঠিন জেরের নত্তা মিম্বরে

লতিফ, ছছিফ, ফানা, বকা এই চারি কি প্রকার

খোদাতালার আসন কোথা রসুলাল্লার ত্বন বিচার।

লতিফ ত্বনের নানাবর্ণ, নানা সুরত, নানাভাব

নানা বেশে করে কেলি সদা মনে প্রেমের তাপ

লতিফ ত্বনের প্রেমের কর্ম, মর্ম আদির সীমা নাই

জিন, ইনস, মনকা ফলক বুঝিবার সাধ্য নাই।

আধ্যাত্মিকতার চরম রূপ দেখি যখন পড়ি,

নফি আর এজবতের জিকির লতিফার স্থানে স্থান

জজব করা অতি শক্ত একে দমে কর্মস্থান

ছয়টি ডালে চারটি পাখী খেলছে তারা কি মূলে

প্রথম পাখি প্রথম তিনে অপর তিনটি তিন ডালে।

ঋতুর বর্ণনার আশ্রয়ে কবি বিমুগ্ধ চিত্তে বলেন,

বৈশাখ মাসে নানা খুশি বৎসরেরই প্রথম মাস

মুর্শিদ চরন সেবা করি না পুরাইলাম মনের আশ

আশেক দিলে জপ নিশি ‘হাসবি রব্বি ছল্লল্লাহ’

হামসে খোদা নাহি কুদা ‘মাফি কলবি গাইরুল্লাহ’।

শ্রাবণ মাসে বৃষ্টিধারা জলে ভাসে নানা স্থান

আমি ভাসি চোখের জলে রক্তে ভাসে নানা স্থান।

কখন হাসি কখন কাঁদি নিত্য জ্বলে আমার মন

প্রেমের জ্বালা কেমন জ্বালা কি বুঝিবে অন্যজন।

কুন্তু কুন্‌জন মুখপিয়ান ইহার মর্ম কি প্রকার

গুরু হইতে জিজ্ঞাসিব সেই জিকির কি প্রকার।

ভাদ্র মাসে দৃষ্টি বৃষ্টি দৃষ্টি অতি মূল্যবান

একে একে প্রকাশিব বিচারিয়া ধর্মজ্ঞান

বৃষ্টি দিয়া হইছে সৃজন সিন্দুর মাঝে মতি

অপূর্ব চিপিকার মাঝে সেই মতির বসতি।

সেই মতি পাওয়া যাবে লাহুত দেশের বাজারে

গাউস কুতুব অলি দরবেশ খরিদ করে জিকিরে

ভাবিয়া চিন্তিয়া দেখেন দৃষ্টির মধ্যে কেমন তাপ

দৃষ্টি বিনা না হইবে কোনো সাধন সিদ্ধি লাভ।

একা মনে দৃষ্টি করি কচ্ছপে আর কুম্ভীরে

জলে থাকি ফুটাইতেছেন কুলের উপর ডিম্বরে

‘হু আল্লাহুল্লাজি’ আয়াত প্রকাশ আছে কোরানে

কেন বান্দা শুয়ে আছ জিকির কর ধ্যানে

‘আল–উছরা, আল–ইছরা’ কষ্টের পরে সুখের মান

সেই বান্দা না পাইলে পাইবেনা কেউ স্বর্গস্থান।

হেমন্ত কাল নানা খুশি পিঠা–পুলির সুগন্ধে

নবী, রাসুল, আশেক, মাশেক নৃত্য করেন আনন্দে

শীতে পত্র–পল্লব ঝরে শুকায় নদী, খাল, বিল, ঝিল

সুদিনের শুষ্ককালে পুষ্পের মুখে হাসি লীন।

শীতল শীতল বাতাস বহে বসন্তেরই বিষম ধূম

নবীজীকে জাগাইতেছেন জিব্রাইল আসি দিয়া চুম

উঠ উঠ প্রাণের বন্ধু কুম হাবিবা কুম্ভে নালু

আশেকগণের নিদ্রা নাহি আরশ কুরশী লাতনালু।

কু–স্বরিয়া ডাকে নিশি প্রাণের বন্ধু কোকিলে

অলস ছাড়ি উঠ বান্দা জিকির কর নীরলে

বসন্তেরি বাতাস পাইয়া ফুলের বাগান হরসিত

পুষ্পের মুখে হাসি দেখি অলির মন উল্লসিত।

লেখক: প্রাবন্ধিক, লোকসংগীত শিল্পী ও গবেষক।

পূর্ববর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে
পরবর্তী নিবন্ধদেশের স্বার্থে চট্টগ্রাম-ঢাকা রেলে কটলাইন ও মহাসড়কে এক্সপ্রেসওয়ে জরুরি