বাংলাদেশ–ভারত সীমান্তের মীরসরাই উপজেলার করেরহাট এলাকা দিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে আনা অবৈধ ১৯টি ভারতীয় গরু ও পরিবহনে ব্যবহৃত ২টি পিকআপ জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। গত বুধবার দুপুরে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন গামারী বাগানের সামনের পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্টে উক্ত গরু ও গাড়ি দুটি আটক করে পুলিশ। আটককৃতরা হলেন আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) ও রাসেল আলম (৩৫)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ করেরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি পিকআপ ভর্তি ১৯টি অবৈধ গরুসহ ৪ জনকে হাতেনাতে আটক করে।
জব্দকৃত গরুর বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে একটি চোরাচালান মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। সীমান্তে এ ধরনের অবৈধ অনিয়ম ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।












