ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বারইয়ারহাটের মাঈন উদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। চেহারা দেখে তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা। দুর্ঘটনার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকারিয়া হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











