মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ট্রাকভর্তি ওষুধসহ ৩ জন আটক

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ট্রাকভর্তি বিভিন্ন ধরনের ওষুধসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাতে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বিজিবির কঙবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তুমব্রু বিওপির একটি আভিযানিক দল নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটি থামান। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন কঙবাজারের টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. হারুন মিয়া (২৬), নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রামের বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া (১৮) এবং উখিয়া উপজেলার টিএনটি এলাকার মো. জয়নালের ছেলে মো. আকছার।

বিজিবি জানিয়েছে, ধারণা করা হচ্ছে, ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশে পরিবহন করা হচ্ছিল। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ওষুধসহ অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত ও যাচাইবাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে কঙবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএকাদশে ভর্তির দ্বিতীয় দফায় আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরো ৬ জনের সাক্ষ্য