মানবপাচার নির্মূল করা আদৌ সম্ভব হবে কি

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বিশ্বের কোথাও না কোথাও প্রতিদিন মানুষ পাচারের শিকার হচ্ছে। যার মাঝে বাংলাদেশিদের সংখ্যা বেড়েই চলেছে। চাকরির প্রলোভন, উন্নত জীবনের স্বপ্ন, সুযোগ–সুবিধা প্রদান, ভালো পরিবেশের নিশ্চয়তা পাচারকারীদের মুখের বুলি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ হতে সাধারণত প্রতিবেশী রাষ্ট্র ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ সৌদি আরবে পাচারের ঘটনা দেখা যায়। মালয়েশিয়া ও থাইল্যান্ডে অভিবাসীদের গণকবর ও ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশিদের সলিলসমাধি–মানবপাচার সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে। পাচার শিকার কেউ হয়ত ফিরে আসে, কেউ হয়ত কখনো ফিরে আসে না। অপেক্ষার প্রহর গুনতে থাকে তাদের স্বজনরা।

কক্সবাজার ও আশপাশের সীমান্ত এলাকায় মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে চালানো অভিযানে গত ৬ বছরে সশস্ত্র বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলাকালে নিহত হন সৈনিক মো. তিতাস শেখ (২৭)। পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, মানবপাচারসহ অন্যান্য অপরাধ দমনে যৌথ বাহিনী একের পর এক অভিযান চালালেও বন্ধ হয়নি অপরাধীদের তৎপরতা।এদিকে টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫৬ জনকে গত শুক্রবার স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানে নিহত হন স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী এবং ডাকাতি প্রতিরোধে গিয়ে প্রাণ হারিয়েছেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনা বদলে দিয়েছিল দেশের একটি ভয়াবহ বাস্তবতা। এ ঘটনায় ‘ক্রসফায়ার’ নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে। এর বিরুদ্ধে জোরালো জনমত তৈরি হয়। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় এটি।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে ১৫–১৬ জনের একটি সশস্ত্র মানব পাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রেখেছে–এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত আভিযানিক দল গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে সেনা সদস্য তিতাস শেখ বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে কাছের একটি হাসপাতালে এবং পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পত্রিকান্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টেকনাফের দুর্গম পাহাড়গুলো দীর্ঘদিন ধরে মানব পাচারকারী চক্রের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে কাজের প্রলোভন দেখিয়ে মানুষকে টেকনাফে এনে পাহাড়ের গোপন আস্তানায় আটকে রাখা হয়। পরে তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হয়। অনেককে আবার সাগরপথে অবৈধভাবে বিদেশে পাচার করা হয়। শীত মৌসুমে মানব পাচারকারীদের তৎপরতা বেড়ে যায়। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, মাদক চোরাচালান, বিচারবহির্ভূত হত্যা, ডাকাতি ও মানবপাচারের বিরুদ্ধে অভিযানে গিয়ে সশস্ত্র বাহিনীর চারজন সদস্য প্রাণ হারিয়েছেন। দেশের জন্য তাঁদের এই আত্মত্যাগ প্রমাণ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশপ্রেম। যে অপরাধ দমনে তাঁরা প্রাণ দিয়েছেন, সে অপরাধ নির্মূলই হবে এখন আইন–শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব।

বিশেষজ্ঞদের মতে, মানবপাচারের কারণসমূহের মধ্যে অতি দ্রুত পরিবারে সচ্ছলতা নিয়ে আসার চিন্তা অন্যতম। সাধারণত দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনবলের এরূপ স্বপ্ন দেখা–পাচারের ক্ষেত্রে বড়ই সহায়ক। তবে পাচারের কারণসমূহের মধ্যে বেকারত্ব সমস্যা অন্যতম। বর্তমানে সরকারি চাকরি পাওয়া যেন বিরাট ব্যাপার। দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থা হতে শিক্ষা শেষে অধিকাংশ তরুণ–যুবক চাহিদা অনুযায়ী কর্মসংস্থান না পাওয়ায়, তাদের উন্নত দেশের প্রতি বিশেষ ঝোঁক দেখা যায়।

মানবপাচার নির্মূল করা সম্ভব না হলেও, একে সহনীয় পর্যায়ে রাখার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। মানবপাচার রোধে সর্বপ্রথম প্রয়োজন আত্মসচেতনতা। আত্মসচেতনতাই মানবপাচারকে রুখে দিতে পারে। বিদেশে গমনেচ্ছু কর্মীদের আত্মসচেতন হতে হবে। রাষ্ট্র কর্তৃক প্রাপ্ত অধিকার সম্পর্কে সচেতন হওয়া আবশ্যক। অজ্ঞতাকে ছুড়ে ফেলে প্রতিটি মানুষের ব্যক্তিগতভাবে এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর সামাজিক সচেতনতা মানবপাচার বন্ধে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে