সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ট্রলার ডুবিতে নিখোঁজদের স্বজন ও স্থানীয় জনতা মানবপাচারকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে। মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া রবি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পানিরছড়া ব্রাদার ইউনিয়ন নামের একটি ক্রীড়া ও সামাজিক সংগঠন এটির আয়োজক। গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন ট্রলার ডুবিতে নিখোঁজ ও নিহতদের শোকার্ত পরিবারের সদস্যসহ এলাকার কয়েকশ সচেতন নাগরিক। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা ‘মানবপাচারকারীদের ফাঁসি চাই’ এবং ‘দালালমুক্ত মহেশখালী চাই’ বলে স্লোগান দেন।
এতে বক্তব্য রাখেন, ট্রলার ডুবিতে নিখোঁজ মকসুদ আলমের চাচা আজিজুল হক, পানির ছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক, সহকারী শিক্ষক আনচারুল করিম, শামসুল আলম, পানিরছড়া ব্রাদার্স ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন, মহেশখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহজাহান বখতিয়ার, আল আকাবা মডেল স্কুলের অধ্যক্ষ মাওলানা আমান উল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় পানিরছড়ার মানব পাচারকারী আলী হোসেনের নেতৃত্বে একটি শক্তিশালী পাচারকারী চক্র সহজ সরল মানুষকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। লিবিয়া বা মালয়েশিয়া সব পথেই এখন লাশের মিছিল।
এক শোকাতুর মা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ছেলেকে যারা ফুসলিয়ে সাগরে ভাসিয়ে দিয়েছে, আমি তাদের বিচার চাই। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের কাছে দুটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। ১. চিহ্নিত পাচারকারীদের গ্রেপ্তার ও ২. বিশেষ অভিযান পরিচালনা করে মহেশখালী ও উপকূলীয় অঞ্চলে পাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া।
উল্লেখ্য, সম্প্রতি সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান দ্বীপপুঞ্জের নিকটবর্তী এলাকায় একটি ট্রলার ডুবে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের অন্তত অর্ধশতাধিক যুবক প্রাণ হারান এবং অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।














