চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯৬ তম বার্ষিকী আগামীকাল শনিবার। ১৯৩০ সালের এইদিনে অনিঃশেষ গর্ব এবং অমিত শৌর্যে চট্টগ্রামের অকুতোভয় বিপ্লবীরা মৃত্যুকে আলিঙ্গন করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। মূলতঃ এই বিপ্লবীরা টানা চারদিন ব্রিটিশদের কবল থেকে মুক্ত রেখেছিল চট্টগ্রামকে। সেই কালজয়ী তেজোদীপ্ত সময়কে ধারণ করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আগামীকাল শনিবার থিয়েটার ইনিস্টিটিউটে আয়োজন করেছে ‘রাস্তা জুড়ে রোদ হোক’ শিরোনামে চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আয়োজনে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠনসমূহ কবিতা নৃত্য ও সংগীত পরিবেশন করবেন। এছাড়া বিপ্লবীদের নিয়ে কথামালা পর্বে উপস্থিত থাকবেন বিশিষ্টজনরা। প্রেস বিজ্ঞপ্তি।












