মহেশখালীতে মঙ্গলবার চোর সন্দেহে মোহাম্মদ ফয়সাল (২৮) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল রাত ৮ টা ৪৫ মিনিট পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুস সুলতান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো এজাহার দেওয়া হয়নি। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগ রিফাত মোহাম্মদ তকি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বড় মহেশখালী ইউনিয়নের মৌলভী কেফায়েত উল্লাহ’র পুত্র। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করতে তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারের পশ্চিমে পূর্ব ফকিরাঘোনা এলাকায় চুরির অপবাদ দিয়ে ফয়সাল নামক এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে তাঁর পিঠের ওপর ইট রেখে মারধর করে হত্যা করা হয়। নিহত মোহাম্মদ ফয়সাল বড় মহেশখালীর মধ্যম ফকিরাঘোনা এলাকার নুরুল আলম প্রকাশ বাদশার ছেলে। মঙ্গলবার রাত দশটায় বড় মহেশখালী নতুন বাজার কবরস্থান মাঠে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।












