মহসিন কলেজে ছাত্রশক্তির নেতৃবৃন্দের ওপর শিবিরের হামলার অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

নগরে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর ছাত্রশিবির হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে কলেজে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রশক্তি। তাদের দাবি, সাধারণ শিক্ষার্থীর নামে ‘গুপ্ত শিবির’ হামলা করেছে। তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ছাত্রশিবির। পুলিশ জানিয়েছে, থানায় কোনোপক্ষ অভিযোগ দেয়নি। কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্লাস পরীক্ষা নেয়ায় কোনো সমস্যা হয়নি।

ছাত্রশক্তির দাবি, নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কলেজে আসেন জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রশিদ দিনার এবং সদস্য সচিব আবদুর রহমান। তারা ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশসহ বিভিন্ন বিষয়ে কলেজ অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের দ্বারা হেনস্থা ও হামলার শিকার হন। একপর্যায়ে হামলাকারীরা উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে বেশ কয়েকজনকে মারধর করে। এ সময় মহসিন কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন, কলেজ শিক্ষার্থী সাইফুর রহমান সাগর ও রাকিবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার প্রতিবাদে এদিন বিকেল সাড়ে তিনটায় হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রধান ফটকে প্রতিবাদে সমাবেশ করেছে ছাত্রশক্তি। সেখানে উপস্থিত নেতারা দাবি করেন, পরিচয় গোপন করে ছাত্রশিবিরের নেতা–কর্মীরা কলেজে তাদের ওপর হামলা চালিয়েছেন। এ সময় ‘শিবির শিবির, গুপ্ত গুপ্ত’ স্লোগান দেন ছাত্রশক্তির নেতা–কর্মীরা। হামলাকারীদের শনাক্ত করে প্রশাসনিক শাস্তির দাবিও জানান তারা।

এ সময় সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী জানান, তিনি কলেজ শাখার নেতাদের নিয়ে ক্যাম্পাস পরিদর্শন ও প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। এ সময় স্থানীয় ছাত্রশিবিরের পরিচিত নেতা–কর্মীরা সাংগঠনিক পরিচয় গোপন করে তাদের কার্যক্রমে বাধা দেন এবং অতর্কিত হামলা চালান। হামলায় ছাত্রশক্তির কলেজ শাখার মুখ্য সংগঠকসহ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়।

কলেজ শাখার আহ্বায়ক আব্দুল বাসির নাঈম বলেন, তারা প্রধান ফটকে ঢোকার সময় ছাত্রশিবির তাদের পেছন থেকে বাধা দেয়। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ছাত্রশিবিরের লোকজন তাদের ওপর হামলা চালান বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, হামলায় জুলাই যোদ্ধা ও অনার্স প্রথম বর্ষের ছাত্র নয়নও আহত হয়েছেন। নাঈম আরও অভিযোগ করেন, ছাত্রশিবির সন্ত্রাসী কায়দায় কলেজে আধিপত্য কায়েম করে রেখেছে।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, শিক্ষার্থীদের রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার। তার ভাষ্য, যারা গুপ্ত রাজনীতির মাধ্যমে বিভাজন তৈরি করতে চান, তারা নিজেদের স্বার্থ নিয়েই ভাবেন, বাংলাদেশ নিয়ে নয়।

ঘটনার বিষয়ে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক ওয়াহিদুল ইসলাম আজাদীকে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, বড় কিছু ঘটেনি। তার দাবি, মহসিন কলেজে ছাত্রশিবিরের কোনো কমিটি নেই এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই মূলত ছাত্রশক্তির ঝামেলা হয়েছে।

মহসিন কলেজের অধ্যক্ষ সাহারা ফারিন সাংবাদিকদের বলেন, ছাত্রশক্তির কয়েকজন নেতা আমার সাথে দেখা করতে এসেছিলেন। উনারা যখন বের হয়েছেন তখন সামান্য হট্টগোল হয়েছে। আমাদের ক্লাস–পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।

চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন বলেন, থানায় কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি
পরবর্তী নিবন্ধগোলদিঘি খালের পানিপ্রবাহ ফেরাতে রিং বাঁধ অপসারণ