মরলেও বাস থামাব না ভারতে চালকের অবহেলায় ৯ প্রাণহানি

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৩৪ পূর্বাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত ও বহু যাত্রী আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, মর্মান্তিক এই দুর্ঘটনার পেছনে চালক ও কন্ডাক্টরের চরম অবহেলা ও বেপরোয়া আচরণের তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে। খবর বিডিনিউজের।

এফআইআর অনুযায়ী, চলন্ত বাসে আগুন লাগার কয়েক মিনিট আগে থেকেই ধোঁয়া ও পোড়া গন্ধ পাচ্ছিলেন যাত্রীরা। কিন্তু চালক ও কন্ডাক্টর সেদিকে কোনো খেয়াল না দিয়ে উল্টো বাসের ভেতরে সিগারেট টানছিলেন। যাত্রীরা আপত্তি জানালে তারা হেসে উড়িয়ে দেন এবং চুপ থাকতে বলেন। কিছুক্ষণ পর বাসে পোড়া গন্ধ তীব্র হলে যাত্রীরা চালককে বাস থামিয়ে পরীক্ষা করতে অনুরোধ করেন।

কিন্তু চালক অবহেলা করে বলেন, এ ধরনের গন্ধ বাসে প্রায়ই পাওয়া যায়। এর কিছুক্ষণের মধ্যেই বাসের সামনের অংশে হঠাৎ আগুন জ্বলে ওঠে। আগুন দেখে যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে চালক ধমক দিয়ে বলেন, তোমরা মরলেও আমার কিছু আসে যায় না, আমি বাস থামাব না। বিহারের নিবন্ধিত দিল্লি থেকে উত্তর প্রদেশের মহোবা শহরগামী বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্ত বলছে, বাসের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ইঞ্জিনের তেলে ছড়িয়ে পড়ে আর পুরো বাস দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.৭২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধড্রোন হামলার জবাবে আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের