মদিনার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে হুতিরা

অভিযোগ সৌদি জোটের

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

ইয়েমেনে হুতিদের সঙ্গে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীটি মদিনার একটি বিদ্যুৎ বিতরণে কেন্দ্রে হামলা চালিয়েছে। এই কেন্দ্রটি থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানিয়েছে তারা। খবর বিডিনিউজের।

জোট বাহিনী বৃহস্পতিবার জানায়, এ হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির একটি ট্রান্সফর্মার অকেজো হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি। হুতিদের পরিচালিত বার্তা সংস্থা সাবা হুতিদের সামরিক বাহিনীর এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, জোট বাহিনীর এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুতিরা। পরে হুতিরা জানায়, সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানাসহ অন্যান্য অংশে হামলা চালিয়েছে। তবে সৌদি আরব তাৎক্ষণিকভাবে এসব হামলার কথা নিশ্চিত করেনি, জানিয়েছে রয়টার্স।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সহযোগী সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জোট বাহিনী রাজধানী সানার ‘হাই ভ্যালু টার্গেট’ এ হামলা চালিয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। রয়টার্স লিখেছে, জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে এটি সৌদি আরব ও হুতিদের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই। ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে সৌদি জোটের বিমান হামলার পর যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে দুপক্ষের মধ্যে আবার শত্রুতা মাথা চারা দেয়। জুলাইতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ–অবরোধের ঘোষণা দিয়ে হুতিরা।

পূর্ববর্তী নিবন্ধসৌদি-আমিরাত সম্পর্ক : বৈরিতা থেকে সমঝোতা
পরবর্তী নিবন্ধমালয়েশিয়া থেকে প্রত্যাবাসিতদের নিয়ে মিয়ানমারের জাহাজ নিজেদের জলসীমায়