কর্ণফুলীর মইজ্জ্যারটেকে পুলিশের চেকপোস্ট ভাঙচুর মামলায় মো. রাহাত (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের আব্দুল লতীফ সওদাগরের নতুন বাড়ির মো. জসিমের ছেলে। গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার রাহাত শিকলবাহা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী ও ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট মইজ্জ্যারটেক পুলিশের চেকপোস্ট ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ২৫ আগস্ট দায়ের করা ওই মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৪০ জনের বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কর্ণফুলী থানার এসআই শফিউল্লাহ।












