স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাময়িক ভাবে বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর থেকে সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন; বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার পর নির্বাচন কমিশন ভোটার স্থানান্তর কার্যক্রম সীমিত করেছিল। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন পিছিয়ে জানুয়ারিতে চলে যাওয়ায় ভোটার স্থানান্তর প্রক্রিয়া আবার চালু করেছে নির্বাচন কমিশন।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটারদের আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম সারা বছরই চালু থাকে। তবে নির্বাচনের আগ মুহূর্তে সাময়িক ভাবে এই কার্যক্রম কিছু দিনের জন্য বন্ধ রাখা হয়। নির্বাচন পরবর্তী আবার ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু থাকে।
ভোটাররা কর্মসংস্থানের সূত্রে এক জায়গায় ভোটার হলে পরবর্তীতে স্থানীয় ঠিকানায় ভোটার স্থানান্তর করতে চান। অনেকেই এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে, আবার অনেকেই এক জেলা থেকে অন্য জেলা, শহর থেকে গ্রামে ভোটার স্থানান্তর করে থাকেন। এ জন্য মাঠ পর্যায়ের উপজেলা ও জেলা কার্যালয়ে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ করতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয়। আবেদনসহ কাগজপত্র যাচাই–বাছাইপূর্বক ইস্যুকরণ ও নিষ্পত্তি করা হয়।
জানা গেছে, ইতোমধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তিকরণের জন্য গত ২ সেপ্টেম্বর পত্রের মাধ্যমে মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছিল। মাঠ পর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।












