বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় আবাসন ব্যবসায়ী নূর মোহাম্মদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত।
কোতোয়ালী থানার ওই মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন নূর মোহাম্মদ। সেই জামিনের ভিত্তিতে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়া বলেন, নূর মোহাম্মদ বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার আসামি। রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলা ছাড়াও চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার একটি আবাসন প্রকল্প নিয়ে জমির মালিকদের কয়েকজনের অভিযোগ রয়েছে।
রাজনৈতিকভাবে তিনি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তিত হয় বলে জানা গেছে।












