বাংলাদেশ বেতার চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বার্তা সংস্থার ‘সাঙ্গু দল’। গত শনিবার আগ্রাবাদ জাম্বুরী মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সাঙ্গু ও মাতামুহুরী দলের খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। পরবর্তীতে সাঙ্গু দল টাইব্রেকারে ৪–৩ গোলে মাতামুহুরী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে গ্রুপ পর্বে হালদা দলকে ৪–০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে দলটি। দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বেতারের ৪টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বেতারের সাবেক প্রধান প্রকৌশলী মো. লিয়াকত আলী। এসময় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী মো. কামাল হোসেন, আঞ্চলিক পরিচালক শাহীন আকতার এবং আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আবদুল হালিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।









