পাত্রের বাড়িতে বিয়ের সাজসাজ রব। স্বজন আর প্রতিবেশীদের পদচারণায় মুখর চারপাশ। ছোট ছেলের জীবনের নতুন অধ্যায় শুরু নিয়ে আনন্দ–উচ্ছ্বাসে মেতে ছিলেন বাবা মোহাম্মদ আজগর (৬০)। কিন্তু একটি মুহূর্তের ঝড়ে সেই উৎসবের আলো নিভে গিয়ে নামল ঘোর অন্ধকার। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
গত মঙ্গলবার রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজী পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আজগর ওই এলাকার মৃত হাফেজ সালামত উল্লাহর ছেলে।
স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আজগরের ছোট ছেলে মো. ফরমানের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বাড়িতে আসা অতিথিদের জন্য কিছু জিনিসপত্র কিনতে রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে বের হন তিনি। স্থানীয় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।














