বিপিসির অধীনস্থ প্রতিষ্ঠানে অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভা

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ ইস্টার্ণ রিফাইনারি (ইআরএল), পদ্মা, মেঘনা, যমুনা, এলপিজি ও ইএলবিতে দীর্ঘ ১৫–২০ বছর ধরে কর্মরত অস্থায়ী ও দৈনিকভিত্তিক শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে এক শ্রমিক সমাবেশ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উত্তর পতেঙ্গায় ‘বিপিসির অধীনস্থ প্রতিষ্ঠানে অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ’–এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও মেঘনা পেট্রোলিয়াম পিএলসি ঠিকাদার শ্রমিক ইউনিয়নের (১৮২৪) সভাপতি আলমগীর হোসেন জুয়েল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিপিসির অধীনস্থ দৈনিক কর্মরত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ কোনো অনুদান নয়, এটি তাঁদের ন্যায্য প্রাপ্য। দীর্ঘদিন ধরে রক্ত পানি করা পরিশ্রমে তারা নিজেদের দক্ষ শ্রমিকে রূপান্তরিত করেছেন এবং দেশের প্রধান জ্বালানি খাত সচল রেখে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং চট্টগ্রামের অভিভাবক আমির খসরু মাহমুদ চৌধুরী বিপিসির অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করার যৌক্তিক দাবি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সরফরাজ কাদের রাসেল, চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টিএসপি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহাবউদ্দিন এবং পতেঙ্গা–হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মোঃ আবু জাফর।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিপিসির অধীনস্থ প্রতিষ্ঠানের দৈনিকভিত্তিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সিনিয়র যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ–সভাপতি দিলশাদুর রহমান রানা এবং ১০২২ ইউনিয়নের সভাপতি জাবেদ ও সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে বিপিসির সকল অঙ্গপ্রতিষ্ঠানের অস্থায়ী ও দৈনিকভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধ‘গার্মেন্টস শ্রমিকদের কাঁধে বন্দুক রেখে ডিসেম্বর ফর্মুলার বাস্তবায়ন হতে দেয়া যাবে না’