পাঁচ দিন আগের কথা। কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় টেক্সিতে থাকা একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছিল। এবার ঈদগাঁওয়ে বাস–টেক্সি সংঘর্ষে প্রাণ গেল আরও পাঁচজনের। এ ঘটনায় শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার সামনে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে টেক্সির মুখোমুখি এ সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর টেক্সিটি দুমড়ে–মুচড়ে যায়। এ সময় টেক্সিতে থাকা তিন জন ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার শামশুল আলমের ছেলে সাহাব উদ্দিন, লামা উপজেলার ছাবের আহমদের ছেলে সাইফুল ইসলাম ও ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের দক্ষিণ নাইক্ষ্যংদিয়া এলাকার ইদ্রিসের ছেলে জসিম উদ্দিনের নাম জানা যায়। অপর নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ফকিরাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান ওবাইদু বলেন, মহাসড়কে বাস ও টেক্সির সংঘর্ষের পর মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় ঈদগাঁও থানার সামনে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে যায়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও টেক্সিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর বিকেলে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত টেক্সি দুমড়েমুচড়ে যায়। এতে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়।












