বাসার সামনে গুলিবিদ্ধ ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তা করা একরাম

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ৫:৫২ অপরাহ্ণ

‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করার পর একের পর এক হুমকি পাচ্ছিলেন মো. একরাম। নিরপত্তাহীনতায় ভুগছিলেন তিনি ও তার পরিবার। অবশেষে আশঙ্কাই সত্যি হলো। নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হলেন একরাম।

আজ সোমবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরীর ফরেস্ট গেট এলাকায় দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজনের একটি দল তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার আগে বাসা থেকে বাজারে যাচ্ছিলেন তিনি। গুলিবিদ্ধ একরামকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।

গত বছরের ১৫ মার্চ চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ বড় সাজ্জাদের অনুসারী ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করেছিলেন একরাম। এর জের ধরেই এই হামলা বলে জানিয়েছেন গুলিবিদ্ধ একরামের স্ত্রী সুচি বেগম।

একরামের স্ত্রী জানান, সেদিন ঢাকার বসুন্ধরা শপিং মলে ছোট সাজ্জদকে ঘোরাঘুরি করতে দেখলে তাৎক্ষণিক তারা রমনা থানায় তথ্য জানান। তাদের তথ্যের ভিত্তিতে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।

গুলিবিদ্ধ মো. একরাম। ছবি-আজাদী

তিনি আরও বলেন, এরপর থেকে বিভিন্নভাবে তারা হয়রানির মুখে পড়েন সাজ্জাদ অনুসারীর কাছ থেকে। নানাভাবে মুঠোফোনে হুমকিও আসছিল। হুমকির মুখে ব্যঘাত ঘটে নিজেদের ব্যক্তিগত ব্যবসাতেও। তিনি বলেন, দেশের স্বার্থে তারা একজন সন্ত্রাসীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন কিন্তু পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কি জন্য এই হামলা সে বিষয়ে পরে তদন্ত করে জানানো হবে বলে তিনি জানান।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক আজাদীকে বলেন, দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

আজ দুপুর ২টায় চমেক হাসপাতালে জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ একরামকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হচ্ছে। স্বজনরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতালে জরুরি বিভাগের সামনে ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার বিষয়ে একরামের স্ত্রী সুচি আজাদীকে বলেন, ‘আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম সন্ত্রাসী ছোট সাজ্জাদকে প্রশাসন খুঁজতেছে। কিন্তু খুঁজে পাচ্ছে না। তাই ঢাকার শপিং মলে সাজ্জাদ ও তার স্ত্রীকে দেখার পরই আমরা রমনা থানায় খবর দিই। রমনা থানায় ফোন ধরা ওই ভদ্রলোকের নাম ছিল এডিসি জাহাঙ্গীর, আমার স্বামী কথা বলেন তার সঙ্গে। এরপর ঘটনাস্থলে ডিসি কামরুল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেন।

তারপর থেকেই আমাদেরকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছিল ছোট সাজ্জাদের সহযোগীরা। তারা কয়েকবার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে গেছে, আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না। তারপর দুইটি মামলাও করলাম। কিছুক্ষণ এই বাসায় থাকি কিছুক্ষণ ওই বাসায় থাকি, কোথাও যেতেও পারছি না।

আজ আমার স্বামী দুপুর একটায় বাসা থেকে নেমে পাশের গলিতেই দাঁড়ানো, ওই সময় ওরা ৫-৬ জন এসে গুলি করে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবনের বানর কেন আশ্রয় নিল পরিবেশ ভবনে