বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরই সকলের প্রত্যাশা

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে নগরায়ণ প্রক্রিয়া খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। শুধু ঢাকা–চট্টগ্রামের মতো বড় শহরেই নয়, নগর, বন্দর, মফস্বল এলাকা ও এর আশপাশেও অপরিকল্পিত নগরায়ণ গড়ে উঠছে। তবে এই বৃদ্ধির ধারা সব জায়গায় সমান নয়। গত ১৮ নভেম্বর দৈনিক আজাদীতে ‘বাড়ছে বহুতল ভবন, সমস্যাও বহু’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম ক্রমে পরিণত হচ্ছে বহুতল ভবনের নগরে। আবাসন চাহিদা, জনসংখ্যার চাপ এবং সীমিত জমির সর্বোচ্চ ব্যবহারের কারণে নগরীর বিভিন্ন এলাকায় ক্রমে বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। একসময় যে এলাকায় এক–দোতলা বাড়ি ছিল প্রধান আবাসন ব্যবস্থা, সেখানে এখন মাথা তুলে দাঁড়াচ্ছে সাত, দশ, পনেরো, এমনকি ৩০ তলার বেশি উচ্চতার ভবনও। কিন্তু ভবনের উচ্চতা ও সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না নাগরিক সুযোগ–সুবিধা। পানি, গ্যাস, বিদ্যুৎ, পার্কিং, অগ্নিনিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। ফলে শহরের স্কাইলাইন পরিবর্তিত হলেও নগরবাসীর জীবনযাত্রার মান কতটা উন্নত হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ওয়ার্ডভিত্তিক ভবনের পরিসংখ্যান অনুযায়ী, নগরের ৪১টি ওয়ার্ডে মোট ভবনের সংখ্যা ৪ লাখ ১ হাজার ৭২১টি। এর মধ্যে এক থেকে ছয়তলা বিশিষ্ট ভবন ৩ লাখ ৮৭ হাজার ৭৭৭টি। সাত থেকে দশতলা ভবন রয়েছে ১৩ হাজার ৪৮০টি। ১১ থেকে ১৫ তলা ভবনের সংখ্যা ৪১৫টি। ১৬ থেকে ২০ তলা ভবন রয়েছে ৫০টি। আর ২০ তলার বেশি উচ্চতার ভবন রয়েছে ৯টি। নগরীর ভবনের বড় অংশ এখনো ছয়তলা পর্যন্ত হলেও সাততলা বা তার বেশি উচ্চতার ভবনের সংখ্যাও কম নয়। বিশেষ করে ১১ তলা থেকে শুরু করে আরও উঁচু ভবনের উপস্থিতি নগরের আবাসন ব্যবস্থায় বড় পরিবর্তন নিয়ে এসেছে।

প্রতিবেদনে নগর পরিকল্পনাবিদদের মতামত তুলে ধরা হয়েছে। তাঁদের মতে, একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে শুধু ভবনের নকশা অনুমোদন বা নির্মাণের অনুমতি দিলেই দায়িত্ব শেষ হয় না। ভবন নির্মাণের সঙ্গে এলাকার সড়ক, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ, গ্যাস, পার্কিং ও অগ্নিনিরাপত্তার সমন্বয় থাকতে হয়। কোনো এলাকায় বহুতল ভবন নির্মাণের আগে সেই এলাকার অবকাঠামো কত মানুষের চাপ নিতে পারবে, তা বিবেচনা করা জরুরি। অন্যথায় ব্যক্তিগতভাবে আধুনিক আবাসন তৈরি হলেও সামগ্রিকভাবে নগরজীবন আরও জটিল হয়ে উঠবে বলে মন্তব্য করে তারা বলেন, অলি–গলিতে ৮/১০ তলা উচ্চতার ভবনের অনুমোদন দেওয়ার অসংখ্য ঘটনা নাগরিকদের স্বাভাবিক জীবনকে হুমকির মুখে ফেলছে।

পত্রিকান্তরে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, ৩৪ শতাংশ মানুষ নগরে বসবাস করে। অথচ গত ২০ থেকে ২৫ বছরে নগরায়ণ পরিকল্পিতভাবে হয়নি। যেখানে সেখানে ঘরবাড়ি উঠে যাচ্ছে। অপরিকল্পিতভাবে নগরায়ণের থাবা পড়েছে ফসলি জমির ওপর। কমে যাচ্ছে আবাদি বা ফসলি জমি। অনেক শহরে এ অবস্থা আশঙ্কাজনক। দেখা যাচ্ছে, জমি কমে যাওয়ায় একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে আগামীর বসতির জন্য চরম হুমকি ও চ্যালেঞ্জ তৈরি করছে, যা আমাদের দেশের জন্য মোটেও কোনো সুখকর খবর নয়।

বিশেষজ্ঞরা বলেন, ঢাকাসহ সারা দেশে ক্রমবর্ধমান নগরমুখিতা এবং দ্রুত নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে উঠছে না। ফলে নাগরিক সুবিধার অসম বণ্টন এবং চরম বৈষম্যমূলক নীতি প্রণয়নসহ অবকাঠামোকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জীবনযাত্রা এবং পরিবেশ মারাত্মকভাবে উপেক্ষিত থাকছে। সব শ্রেণি–পেশা ও বয়সের মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে, মানুষের জন্য বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরই অন্যতম প্রধান সমস্যা। একইভাবে গ্রামাঞ্চলেও যে যেখানে পারছে, আবাদি জমি ভরাট করে বসতি গড়ে তুলছে। শহরের মতো গ্রামাঞ্চলেও অপরিকল্পিত আবাসিক এলাকা গড়ে উঠছে যেখানে নাগরিক সুবিধার ছিটেফোঁটা সুযোগও নেই। তাঁরা বলেন, নগরমুখী মানুষের ঢল থামাতে হলে গ্রামাঞ্চলে কর্মসংস্থান ও উন্নত সেবা প্রদানের যে অঙ্গীকার করা হয়েছে, তার দ্রুত দৃশ্যমান বাস্তবায়ন ঘটাতে হবে। পাশাপাশি নগর উন্নয়ন অধিদপ্তরকে (ইউডিডি) আমলাতান্ত্রিক জটিলতামুক্ত করে ক্ষমতার সংহতকরণ নিশ্চিত করা এবং স্থানীয় সরকার দপ্তরগুলোর সঙ্গে স্পষ্ট জবাবদিহিতার কাঠামো গড়ে তোলাও জরুরি। পরিকল্পনা যেন শুধু আবাসন বা সড়ক তৈরির হিসাবনিকাশে আটকে না থেকে জলাভূমি, পরিবেশ ও জলবায়ু সহনশীলতাকে অগ্রাধিকার দেয়, তাও তদারকি করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে