বালকে ব্রাহ্মণবাড়িয়া ও বালিকায় কুমিল্লা চ্যাম্পিয়ন

চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বালিকা বিভাগে হয়েছে উল্টো ফল। এতে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা। গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া টাইব্রেকারে ৬৫ গোলে কুমিল্লাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলাটি ৩৩ গোলে ড্র ছিল।

একই ভেন্যুতে বালিকা বিভাগের ফাইনালে কুমিল্লা ৩০ গোলে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ফাইনাল খেলার পূর্বে গতকাল সকালে অনুষ্ঠিত বালক বিভাগের প্রথম সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া শামিম মিয়ার হ্যাট্রিকের সুবাদে ৫০ গোলে চাঁদপুরকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনালে কুমিল্লা ১০ গোলে কক্সবাজারকে পরাজিত করে ফাইনালে যায়। অন্যদিকে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া ৬০ গোলে বান্দরবানকে পরাজিত করে ফাইনালে যায়। এ খেলায় ব্রাহ্মণবাড়িয়ার সামিয়া হ্যাট্রিকসহ একাই ৪টি গোল করে। দ্বিতীয় সেমিফাইনালে কুমিল্লা ১০ গোলে কক্সবাজারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

প্রতিযোগিতার বালক বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিত্ব করে চন্দ্রপুর ভরাজাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুমিল্লার প্রতিনিধিত্ব করে ৩৯ নং দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিত্ব করে যথাক্রমে নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্দ্রপুর ভরাজাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন। বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক, চট্টগ্রাম মো. জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার, চটগ্রাম মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার সিএমপি (ক্রাইম এন্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহমেদ, বিভাগীয় উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ মো. নুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এম আবুল হাসনাত, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন। পরে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ব্যক্তিগত মেডেল ও দলীয় ট্রফি তুলে দেন।

উল্লেখ্য গত ২১ মে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা, বিভাগীয় ফুটবল পরিচালনা কমিটি, চট্টগ্রাম বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছিল। বালক ও বালিকাদের ১১টি জেলা দল এতে অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধবিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন ৬ জন
পরবর্তী নিবন্ধটিআইসিতে রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান কাল