রাউজানে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীর ৯০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসদরের ফকিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহতুল ইসলাম।
জানা যায়, ব্যবসায়ী আরফান সিকদার অনুমোদনহীনভাবে সার মজুত ও বিক্রি করছিলেন।
অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত তার সারের গুদামে অভিযান চালায়। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহতুল ইসলাম বলেন, অধিক মুনাফার আশায় ওই ব্যবসায়ী অনুমোদনহীনভাবে সার মজুত ও বিক্রি করছিলেন। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত হবেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।











