বাকলিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

যুবক গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার চেষ্টা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ জুন, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া এলাকায় ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে কোমল পানীয় খাওয়ানোর কথা বলে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবককে থানায় নেওয়ার সময় তাকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে কয়েকশ মানুষ। তারা আসামিকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। ওই সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়ে উক্ত যুবককে থানায় নিয়ে আসতে সক্ষম হয়। গত শনিবার দুপুরে বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে গতকাল বিকালে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ জামাল প্রকাশ জাফর (৩২)। তিনি ভোলা জেলার শশিভূষণ থানার চেয়ারম্যানঘাটা এলাকার চরফকিরহাট গ্রামের তাজল হক পাটোয়ারী বাড়ির রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি বাকলিয়ার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার কালাম কলোনিতে বসবাস করেন। জামাল কখনো রিকশা চালান, কখনো দৈনিক মজুরির শ্রমিকের কাজ করেন। তিনি বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে।

বাকলিয়া থানা পুলিশ জানায়, জাফর শনিবার বিকাল চারটা নাগাদ চাক্তাই ভেড়া মার্কেটের মিষ্টিপুলের পেছনে নাসিরের কলোনির মনিরের ভাড়া বাসায় ১৬ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটায়।

গতকাল খবর পাওয়ার পরপর অভিযুক্তকে আটক করা হয়। তবে তাকে থানায় নেওয়ার সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সড়কে ব্যারিকেড এবং ভাঙচুরের ঘটনা ঘটে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান স্থানীয় রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্তকে নিরাপদে থানায় নিয়ে আসা সম্ভব হয়। পুলিশ বলছে, বিক্ষুদ্ধ জনতাকে আইনগত প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেওয়া হয়। স্থানীয় রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে নিরাপদে থানায় নিয়ে আসা সম্ভব হয়েছে। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ডিম ছেড়েছে মা মাছ, পরিমাণে কম
পরবর্তী নিবন্ধপাহাড়ে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, ভিডিও ধারণ