নগরের বাকলিয়ায় চুলার আগুন থেকে সৃষ্ট আগুনে ৭টি বসতঘর, ৪টি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কলেজ রোডের ক্ষেতচর বাস্তুহারা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৩টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে লামা বাজার ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৩টা ৫৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পৌনে ৫টায় নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানায়, আগুনে ওসমান ও খুরশিদা বেগমের মালিকানাধীন ৭টি বসতঘর, একটি গুদাম ও ৪টি দোকান পুড়ে গেছে। স্থানীয়রা জানান, বসতঘরগুলোতে দরিদ্র পরিবারের লোকজন ভাড়ায় থাকতেন। আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা। আগুন লাগার পর নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ইলেকট্রনিকস মিস্ত্রি মো. নয়ন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন লাগার সময় ঘরে কেউ ছিল না। খবর পেয়ে এসে দেখি চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে। কিছুই বাঁচাতে পারিনি। রিয়া নামে এক নারী বলেন, ঘটনার সময় মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। মেয়ের ঘুম ভাঙার পর চারদিকে আগুন দেখতে পেয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে আসি। ততক্ষণে দরজায় আগুন ছড়িয়ে পড়ায় আর ভেতরে ঢুকতে পারিনি।











